প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ৫:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অটোচালক জসিম 

অনলাইন ডেস্ক

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে মোঃ জসীম উদ্দীন (২৬) নামে এক ইজিবাইক অটো চালককে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে শাহরাস্তি পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালকের পরিবার, পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওইরাত উপজেলার মেহের দক্ষিণ ইউপির ২ নং ওয়ার্ডের ভোলদিঘী গ্রামের মিয়াজী বাড়ির আব্দুস সাত্তারের পুত্র মোঃ জসিম তার ইজিবাইক অটো নিয়ে পৌরশহরের কালিয়া পাড়া বাজার এলাকায় ভাড়ার উদ্দেশ্যে যায়। ওইখানে দু’জন যাত্রী শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের রোগী রয়েছে বলে তার অটোটি ভাড়া করে।

অজ্ঞান পার্টির সদস্যরা গন্তব্যে পৌঁছে সুকৌশলে অটোচালক জসিমকে সেভেন আপ ও কেক খেতে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই জসিম স্মৃতিশক্তি হারিয়ে হাসপাতাল সংলগ্ন একটি গ্যারেজে গিয়ে অচেতন হয়ে পড়ে। ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্ত্রী মাকসুদা আক্তার সীমা (২০) ও স্বজনরা এসে জসিমকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই রাত ৯টার দিকে কর্তব্যরত ডাঃ জিল্লুর রহমান জসিমের অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বুধবার সকাল পর্যন্ত সে সংজ্ঞাহীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। অন্যদিকে অজ্ঞান পার্টির সদস্যদের ন্যক্কারজনক ঘটনাটির এ ফুটেজ শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন দোকানির সিসি ক্যামেরার রয়েছে বলে তার স্বজনরা নিশ্চিত করে। এতে দেখা যায় আগুন্তক ওই দুই যাত্রী কেটে পড়ার কিছুক্ষণ পর একটি কিশোর অটো চালিয়ে হাসপাতাল এলাকা ত্যাগ করছে। এ প্রসঙ্গে ইজিবাইক চালক জসিমের স্ত্রী মাকসুদা জানান, তাদের সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন অটৌটি সম্প্রতি ১ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ নিয়ে তারা ক্রয় করে। ঋণের বোঝা মাথায় নিয়ে অটোটি হারিয়ে স্বামীর মুমূর্ষ দৃশ্য দেখে তিনি হতভম্ব ।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ক্ষতিগ্রস্ত জসিমের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি থানায় করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে অভিযুক্তদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন