মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় যাত্রী ছাউনীর সম্মুখ হতে অভিযুক্তদের আটক করা হয়। সোমবার আটকৃত ওই দুই নারীকে পুলিশ চাঁদপুর আদালতে প্রেরণ করে।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রোববার দুপুরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন, জনি কান্তি দে, মাহদী হাসান, মোঃ জুলফিকার আলী ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়।
ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সূর্যনগর গ্রামের মৃত মোঃ আলমের স্ত্রী হাজেরা খাতুন (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া বেগম (৬০) থেকে ৫ কেজি গাঁজা জব্দ শেষে তাদের আটক করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে অভিযুক্তদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত তিনমাসে যত মাদক কারবারি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আটক করা হয়েছে এদের বেশির ভাগেরই গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায়।
অভিযুক্তরা চাঁদপুরে মাদকের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরবরাহের জন্য এই সড়ক ব্যবহার করে আসছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।

অনলাইন ডেস্ক