এস. এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় নূরুন নাহার (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে।
৪ জুলাই সোমবার বিকেলে উপজেলার ধানুয়া এলাকার চাঁদপুর- লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কে এ মৃত্যুর ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নূরুন নাহার প্রত্যাশী গ্রামের সাবেক শিক্ষক মো. শাহ জাহানের স্ত্রী। তাদের দুই ছেলে, তিন মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার।
এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। প্রতিমধ্যে বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নূরুন নাহারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন সন্ধ্যার পর নিহত নূরুন নাহারকে প্রত্যাশী গ্রামের বাড়িতে দাফন করা হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদিপ মন্ডল জানান, ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই।

অনলাইন ডেস্ক