বিশেষ প্রতিনিধি : চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে ১৭ বছর বয়সী দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের কসাইখানার পাশে এ ঘটনা ঘটে।
তারা হলো শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) ও শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকিল হোসেন টিটু গাজীর ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।
ওই দুই জন চাঁদপুর শহরের বিষ্ণুদী সিনিয়র ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের কসাইখানার পাশে মেঘনা নদীতে ৮ থেকে ১০ জন মাদ্রাসা শিক্ষার্থী গোসল করতে নামে। হঠাৎ লঞ্চের ঢেউ ও পানির শ্রোতে সবাই মাঝ নদীতে চলে যায়। তাদের মধ্যে মুকিত আলম ও আবদুল্লাহ গাজী সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে বেলা দেড়টায় তাদের দুজনের লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, সাঁতার না জেনে গভীর নদীতে নামার কারণে এ ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মারা যাওয়া ছাত্রদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।


অনলাইন ডেস্ক