২১ অক্টোবর (শুক্রবার) চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ)আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম জুম’অ নামাজ আদায় করেন তাঁর গ্রামের বাড়ির ঐতিহাসিক পাটওয়ারী পরিবার কর্তৃক স্থাপিত ‘নাওড়া জামে মসজিদে’। এসময় তিনি ঐ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে বিশেষ সন্মানী দিয়ে সন্মানিত করেন। বাদ জুমা’অ নামাজ শেষে সাংসদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি শাহরাস্তি-হাজীগঞ্জের সাংসদ হিসাবে অত্র এলাকার মানুষের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। ‘আমৃত্যু আমি শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই’ সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, অত্র মসজিদের উন্নয়ন কাজে ইতিপূর্বে সরকারি খাত হতে আমি ৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়ার ব্যবস্থা করেছি। ভবিষ্যতে মসজিদের উন্নয়নমূলক কাজে আমি ও আমার পরিবার আরও সহায়তা দেয়ার চেষ্টায় থাকবো।
নামাজ শেষে এক মিলাদ ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। জুম’অ খুতবা পূর্ব আলোচনা ও মুনাজাত করেন, শিক্ষক মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন হতে ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সাল সহ মোট ৪(চারবার) সাংসদ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১ নং সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত হয়েছে। তাছাড়া ১৯৯০ সালে গঠিত প্রথম তত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ১৯৪৩ সালের ১৩ সেপ্টেম্বর শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর বাবার নাম আশরাফ উল্লাহ ও মা রহিমা বেগম। তিন ভাই ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। এ টেল অফ মিলিয়ন্স, লক্ষ প্রাণের বিনিময়ে এবং মুক্তির সোপান তলে -এই ঐতিহাসিক গ্রন্থ সমূহ রচনা করেছেন যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃত।
এসময় সাংসদের সফর সঙ্গী হিসাবে জুম’অ নামাজে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর সভার মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবদুল মান্নান, শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমিশনার মোঃ শাহাব উদ্দিন, শাহরাস্তি উপজেলার যুব লীগের আহবায়ক মঞ্জুরুল আহসান জুয়েল, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শাহিন, মান্নান ব্যাপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
(জুম’অ নামাজ আদায় শেষে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম)
লেখক : মোঃ রুহুল আমিন

অনলাইন ডেস্ক