প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ । ২:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম মোল্লা (৩৪) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে (২২ ডিসেম্বর) গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের ভবনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিহা নামের ৫ বছর বয়সি একটি শিশু সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। এদিন (বৃহস্পতিবার) বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় পাশে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

এ সময় তিনিসহ সহকারী শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তিনি ও নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন