স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হয়েছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর।
উক্ত এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব বনাম আশিকাটি স্পোর্টিং ক্লাব ১-১ গোল করে নির্দিষ্ট সময় শেষে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে গিয়ে মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন।
১২টি দলের অংশগ্রহণে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পরিচালনা করেন মোঃ জুয়েল মিজি। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাসেল খান ও রুবেল ঢালী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ মিন্টু মিজি, মঞ্জুরা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ কালাম মিজি, সমাজসেবক আক্তার মিজিসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ফুটবলপ্রেমী সমর্থকবৃন্দ।
চাচা স্পোর্টিং ক্লাবের পরিচালক মোঃ জুয়েল মিজি বলেন, এ টুর্নামেন্টটি গত ৭ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসতেছি। তারই ধারাবাহিকতায় এবছরও ৮ম আসর হিসেবে হাফানিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক সাহেবের স্মৃতি স্বরণে এ টুর্নামেন্টটি পরিচালিত হয়ে আসছে।
এতে এলাকাবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামণা করছি। চলমান এ টুর্নামেন্টটির ফাইনাল খেলা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক