প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইমামদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার আওতাধীন বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মতবিনিময় করেছেন।

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সকল জায়গায় গুজব ছড়ানো হচ্ছে পাঠ্য বই নিয়ে। অথচ বই সম্পর্কে না জেনে, না পড়ে বানোয়াট কথা ফেসবুকসহ বিভিন্ন জায়গায় আলোচনার ঝড় উঠেছে। বইয়ের মধ্যে স্পষ্টভাবে বলা আছে বানর থেকে মানুষ হয় নাই। সেখানে শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করছেন আর শিক্ষক তার উত্তর দিয়েছেন-বানর থেকে মানুষ হয় নাই।

তিনি বলেন, নতুন পাঠক্রমে মোট ২৬টি বই তৈরি করা হয়েছে। তার মধ্যে ২টি বই নিয়ে কথা উঠেছে। সেই বইয়ে নানা আপত্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই কমিটি গঠন করেছি। প্রয়োজনে নিরীক্ষণ করে পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।

তিনি আরো বলেন, বইয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস করে দিয়েছে-এমন গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আজ পর্যন্ত বাংলাদেশে ইসলামের এমন কোনো ক্ষতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা করেননি। বরং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের অনেক খেদমত করেছেন। তিনি বলেন, একজন আলেম হচ্ছেন জ্ঞানী লোক। কিন্তু একজন আলেম নামে পরিচিত, তিনি আমার সম্পর্কে না জেনে কদর্য এবং অশালীন কথা বলেছেন। আমিও তো একজন মুসলিম নারী। আমিও তো ধর্ম পালন করি। ইসলামে কী এমন বলা আছে যে, কাউকে নিয়ে উপহাস করা?

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও জেলা জাতীয় ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মোঃ কেফায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোশারফ হোসাইন।

উপস্থিত ছিলেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, বড়স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মোঃ সিরাজুল ইসলাম, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মোঃ মাহবুবুর রহমান, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মাওঃ গাজী মোঃ আবু হানিফ, সদর উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি পীরজাদা মাওলানা খাজা জুবায়েরসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ সানাউল্লাহ। পবিত্র নাতে রাসুল সাঃ পরিবেশন করেন মাওলানা আব্দুল খালেক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন