প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার পশ্চিম নাগদা এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র সংলগ্ন বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবককে কে বা কারা পিটিয়ে হত্যা করে তাঁর লাশ মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা এলাকায় বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের পাশে ফেলে চলে যায়। নিহত ওই যুবকের লাশের নিচের অংশ বিবস্ত্র ছিল। এ ছাড়া লাশের উপর কাঠের গুড়ি ছিঁটানো ছিল। লাশের বিভিন্ন অংশে রক্তের ছোপ ও জখমের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ওই লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে সকাল সাড়ে ৯ টার দিকে মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পিবিআই, পুলিশের ডিবি ও সিআইডির একটি দল।

স্থানীয় ইউপি সদস্য মো. খোকন দেওয়ানজী বলেন, নিহত ওই যুবককে তাঁরা কেউই চেনেন না। তাঁর বাড়িও এই এলাকায় নয়। কে বা কারা তাঁকে হত্যা করে এভাবে আংশিক বিবস্ত্র করে ফেলে গেছে তা বুঝতে পারছি না।

মতলব দক্ষিণ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ওই যুবকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন অংশে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন