মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি চৌকস টীম দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাত ওই যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। নিহত ওই যুবক নোয়াখালী জেলার সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষীপুর মুন্সী বাড়ির জহুরুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন। তার বয়স ৪০ বছর।
পূর্বের সংবাদটি পড়ুন… মতলব দক্ষিণে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী সকাল ৮ টায় বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা এলাকার বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়।
পরে দিনভর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামসহ পিবিআই ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও লাশের বিভিন্ন বিষয়ে তদন্ত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ ময়নাতদন্তের পর আঞ্জুমানে দাফন করা হয়। এদিকে পিবিআই অধিকতর তদন্ত শেষে তার পরিচয় পায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।

অনলাইন ডেস্ক