প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডা. মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এতে তিনি মুরাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য করা এবং ঢাবির নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অভিযোগ আনেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শাহবাগ থানায় এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার। এসময় তার সঙ্গে বেশকিছু শিক্ষার্থী ছিলেন।

শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছেন। এটি এখনো জিডি বা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

লিখিত অভিযোগে স্বাক্ষরকারী জুলিয়াস সিজার বলেন, আমার অভিযোগটি থানা গ্রহণ করেছে। থানা থেকে আমাকে বলা হয়েছে, অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে তদন্তের জন্য। তদন্ত শেষে মামলা আকারে এটি নেওয়া হবে কি না থানার পক্ষ থেকে তা পরে জানানো হবে।

লিখিত অভিযোগে জুলিয়াস সিজার বলেন, আমি গত ৫ ডিসেম্বর সলিমুল্লাহ হলের ২৬ নম্বর কক্ষে বসে একটি ভিডিও ক্লিপ দেখতে পাই। ভিডিওতে ডা. মুরাদ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করারও সময় আমার নাই’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে তাচ্ছিল্য করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীরা ‘হলে না থেকে পাঁচ তারকা হোটেলে রাত কাটায়’ বলে তাদের চরিত্র হনন করেছেন।

এ দুটি বিষয় উল্লেখ করে ডা. মুরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থী জুলিয়াস সিজার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন