প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ । ৪:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বালাইনাশকে দুই ভাইয়ের মৃত্যু, কোম্পানির ৩ কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা অফিস

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পোকামাকড় মারার ওষুধ দেওয়ার পর অসুস্থ হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বালাইনাশক কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এই তিন কর্মকর্তার মধ্যে টিটু মোল্লা নামে একজনের নাম জানা গেছে। তাকে সোমবার (৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পোকামাকড় মারতে নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অরগানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন তুষার। এতে নিজের দুই শিশুসন্তানের মৃত্যুর পর তিনি ভাটারা থানায় মামলা দায়ের করেন।

বাবার সঙ্গে দুই ভাই শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিন (১৫); স্কুলপড়ুয়া এই দুই ভাই এখন আর নেই।

মঙ্গলবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত সেই মামলায় ওই কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে পোকামাকড় মারার ওষুধ দেওয়ার পর বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। বিষক্রিয়ায় অসুস্থ হন তাদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন।

জানা গেছে, গত শুক্রবার (২ জুন) মোবারক হোসেন নামে এক ব্যবসায়ী তার বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। ওই কোম্পানির কর্মীরা বাসায় ওষুধ দিয়ে দুই-তিন ঘণ্টা পরে ঘরে ঢুকতে বলেছিলেন। পরিবারটি নয় ঘণ্টা পর বাসায় ঢুকেও বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাদের সকলেরই পেট খারাপ, বমির মতো উপসর্গ দেখা দেয়। রোববার ভোরে ওই ব্যবসায়ীর ৯ বছরের ছোট ছেলেটি মারা যায়। তাকে দাফন করে আসতে না আসতেই ওইদিন গভীর রাতে ১৫ বছর বয়সী বড় ছেলেরও মৃত্যু হয়।

এ ছাড়া মোবারক হোসেনের মেয়ে এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষক্রিয়া ওষুধ মৃত্যু বালাইনাশক গ্রেপ্তার মামলা

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন