শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে এক প্রবাসী মসজিদের ইমামের করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি টামটা উত্তর ইউপির জালাল উদ্দিন মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বাড়ির মৃত মোঃ আলী আকবর মোল্লার পুত্র হাফেজ মো. ইউসুফ মোল্লা (৫৫) কোরবানি ঈদের ২ দিন পূর্বে ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ গৃহে গায়ে পরিধানের পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্টে অসুস্থ হয়ে পড়েন । পরে তার স্বজনরা প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চালান।
একপর্যায়ে দুপুরে আবার তিনি অসুস্থতা বোধ করলে স্বজনরা দ্রুত শাহরাস্থি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: মুশফিক বিন বাকের তাকে মৃত ঘোষণা করে।
ওই গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন মুঠোফোনে জানান, ঈদের ছুটিতে সৌদি আরবের (আভা) শহর থেকে বাড়িতে আসেন ইউসুফ। সেখানে ইউসুফ একটি মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়ানোর ইমাম হিসাবে নিয়োজিত ছিলেন ।
ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ৩ পুত্র সন্তান ১ কন্যা সহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
এদিকে ওই গ্রামের দুই মাদ্রাসা শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এবং সৈয়দ আহমেদ দুলাল বলেন, তিনি ইউসুফ একজন সৎ এবং আদর্শবান ভালো মানুষ ছিলেন। তার হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে চলে যাওয়ায় সত্যিই দুঃখজনক।
বৃহস্পতিবার রাতেই তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মোঃ মাসুদ রানা