চাঁদপুরের শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে এক পরিবারের প্রতিবন্ধী শিশু পুত্র সোহান ১০ এবং বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
উপজেলার টামটা দক্ষিণ ইউপির দক্ষিণ পাড়া আলীপুর বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ওই বাড়ির ইলেকট্রিক মিস্ত্রি রবিউল আলমের পুত্র সোহান জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী জনিত কারণে ঘরের এক কোণে শুয়ে থাকতো। ওইদিন পরিবারটির সকল সদস্য পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াত থাকায় মা শাহীন পুত্র সোহানের পাশে একটি টেবিল ফ্যান চালিয়ে দাওয়াত খেতে যায়। কিছুক্ষণ পর সোহানের ছোট ভাই বাড়িতে এসে পুরো ঘরে আগুন জ্বলতে দেখে সে ডাক চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স শাহরাস্তি স্টেশনকে খবর দেয়।
শাহরাস্তি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ আলী মিয়ার নেতৃত্বে একদল ফায়ারম্যান স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার আলী মিয়া জানান,ফায়ার সার্ভিস দল ঘটনার স্থলে পৌঁছানোর পূর্বেই শিশু সোহান আগুনে দগ্ধ হয়ে সম্ভবত প্রাণ হারায়। আগুনের তীব্রতা এতই বেশী থাকায় মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সাবেক ইউপি সদস্য মুকবুল জানান,রবিউল পেশায় একজন ইলেকট্রিক মেকানিক । ওই আগুনে রবিউলের অবকাঠামো ঘর , গৃহস্থালি সামগ্রী ফার্নিচার, মানুষের ঠিক করতে দেওয়া ৩টি এলইডি টিভি, স্ত্রীর গহনা, এনজিও থেকে লোনের নগদ ৪০ হাজার টাকা, ১০ মন চাউল, ৩০মন ধান, ফোন। একইভাবে রবিউলের স্ত্রী শাহীন স্থানীয়দের কাপড়চোপড় সেলাইর কাজ করতো। ওই আগুনে দুটি দামি সেলাই মেশিন ও স্থানীয়দের জমাকৃত কাপড় মিলে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান রবিউল একজন সামান্য ইলেকট্রিক মেকানিক। হঠাৎ করে এ আগুন তার সন্তান ও ঘর সব কেড়ে নিল। এতে পরিবারটি গৃহ ও সন্তানহীন হয়ে তিমির আধারে নিমজ্জিত হয়েছে। ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে শাহরাস্তি উপজেলা ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দিয়ে তাদের ২ বস্থা চাউল,নগদ ২০ হাজার টাকা সহ ঘর নির্মাণ ও সহযোগিতার আশ্বাস দেন বলে পরিবারটি গণমাধ্যমকে জানায়।
এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পাশাপাশি শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতার জন্য ঘটনার স্থল পরিদর্শন করেন।
এদিকে ওই রাত ৯ টায় গণমাধ্যম কর্মীরা ঘটনার স্থলে গেলে এক হৃদয়বিদার দৃশ্যের অবতারণা হয়। দেখা যায় আগুনে দগ্ধ শিশুটির বিকৃত চেহারার দেহকে কোন রকম একটি জুটা বেঁধে দাফনের জন্য স্থানীয় লোকজন প্রস্তুতি নিচ্ছেন।

মোঃ মাসুদ রানা