প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ । ২:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৫ম পর্যায়ে হাজীগঞ্জ ও হাইমচর সহ উদ্বোধন হলো আরও ৫০টি মডেল মসজিদ

মির্জা মানিক
চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও হাইমচর উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায় ৫ম পর্যায়ে নির্মিত আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক ও সুসজ্জিত এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতাকে হত্যা করার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে। কিন্তু ইসলাম ধর্ম প্রচার-প্রসারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি।’

প্রধানমন্ত্রী ভাষণে বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট আরেকটি কারবালার ঘটনা ঘটিয়েছিলো ঘাতকরা। জঙ্গীরা ইসলামের সুনাম নষ্ট করেছে। ইসলাম শান্তির ধর্ম। নতুন প্রজন্ম শিশু-কিশোরদেরকে জঙ্গীবাদ থেকে বাঁচাতে হবে। শিক্ষা নীতিমালায় ধর্মীয় শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ফজর থেকে জোহর পর্যন্ত  মডেল মসজিদগুলোতে ধর্মীয় শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। পবিত্র কোরআন শরীফকে অনলাইনে, বাংলা অর্থসহ ও ইংরেজী ভার্সন আমাদের সরকার উন্মুক্ত করে দিয়েছে। হজ্ব ব্যবস্থাপনায় সহজীকরণ করেছি। ইমাম-মুয়াজ্জীন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আলেমদের সহযোগীতার সুযোগ করে দিয়েছি।
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও গণপূর্ত অধিদপ্তরের কাজ বাস্তবায়নে রবিবার সকালে হাজীগঞ্জ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তী নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, আইসিটি ও শিক্ষা) মোঃ বশির উদ্দীন, গণপূর্ত বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানজীর, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোঃ আবু তাহের, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ প্রধাণীয়া সুমন, হাজীগঞ্জ মডেল মসজিদের ভূমি দাতা মোঃ রফিকুল ইসলাম, মডেল মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আজিজ ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশন হাজীগঞ্জ উপজেলা সুপার ভাইজর মোঃ হাসান মজুমদার সহ শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এবং স্থাণীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।

এছাড়া এসব মসজিদে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলামিক কনফারেন্স রুম থাকবে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামি দাওয়াত, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন