প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উচ্চ আদালতে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার রায় বহাল

মোজাম্মেল প্রধান হাসিব

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং আইনী জটিলতা শেষে মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত নারায়ণপুর পৌরসভার রায় বহাল রেখেছে উচ্চ আদালত। গতকাল ৪ সেপ্টেম্বর ওই রায়ের একটি কপি হাতে পেয়েছেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধানসহ পৌরসভার পক্ষে রিট করা ব্যক্তিরা। এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়ের কপিটি প্রকাশ হলে নারায়ণপুর পৌরসভার একাধিক রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। তবে আগামী ৬০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করার সুযোগও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের প্রচেষ্টায় বিগত ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভায় উন্নিত করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছরের ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। পৌরসভার বিরুদ্ধে মামলা দায়ের করার পর উচ্চ আদালতের রায়ে পৌরসভার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ইউনিয়ন ও পৌরসভা নিয়ে পক্ষ-বিপক্ষের দায়ের করা মামলা নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার রাজিক আল দলিলের বেঞ্চে নারায়ণপুর ইউনিয়নের পক্ষে দায়ের করা মামলা খারিজ করে নারায়ণপুর পৌরসভা বহাল রেখে ২০২১ সালের ১০ জানুয়ারি পৌরসভার পক্ষে রায় ঘোষণা করেন।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান বলেন, মামলার বাদী ও আমার প্রচেষ্টায় এই রায়ের কপি হাতে পেয়েছি। এ রায়ের কপি হাতে পাওয়ায় এই পৌরসভার সাধারণ জনগণ দীর্ঘ ২০ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছি। এই নারায়ণপুরের জনগণ শুধু তাদের ভোটটুকু দিতে চায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, নারায়ণপুর পৌরসভার রায়ের বিষয়ে আমরা এখনো কোন অফিসিয়ালি চিঠি পাইনি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন