শাহরাস্তিতে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য ও নারী শিশু নির্যাতন মামলার সিআর পরোয়ানাভুক্ত ১ আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
সোমবার শাহরাস্তি মডেল থানার এএসআই (নিঃ) আমির হোসাইন সঙ্গীয় ফোর্স উপজেলার শুচি পাড়া উত্তর ইউপির শোরশাক পশ্চিম পাড়া ময়ুরী বাড়ীতে একটি অভিযান চালায়।
এতে ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ মাসুদ আলম কে আটক করে পুলিশ।
পুলিশ জানায় তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় নারী শিশু মামলা নং-৪০/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ৯(১)/৩০ একটি মামলা রুজু ছিল।
এদিকে রবিবার শাহরাস্তি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টামটা উত্তর ইউপির হোসেনপুর দক্ষিণ বাজারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খাইরুল আলম, এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ওইসময় সে বাজারের সাফায়েত উল্লাহর বিসমিল্লাহ মর্টরস দোকানের সম্মুখ হতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২সদস্যকে আটক করে পুলিশ।
এই সময় ওই চোরাই চক্রের সদস্যদের থেকে একটি নীল রংয়ের ইজি বাইক (অটোরিক্সা) জব্দ করে পুলিশ।
অভিযুক্ত আসামিরা হলো কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের কাজী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ ইউসুফ মিয়া (৩২), মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল হোসেন (৩৫)।
পুলিশ আরো জানায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত চোরাই অটোরিক্সা সিএনজি ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।
পরে পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা নং-০৫, ধারা-৪১৩ পেনালকোড রুজু করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদেরকে পুলিশ আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা