দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন আজ রবিবার। এই নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দুই প্রার্থীর বাড়ি সদরের একই ইউনিয়নে ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই প্রার্থীর বাড়িও ফরিদগঞ্জের একই ইউনিয়নে।
এদের মধ্যে দুজন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বাসিন্দা। এবং অন্য দুই প্রার্থী ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, চাঁদপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্ধিতাকারী দুই প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. দীপু মনি এবং আরেকজন হলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। তারা দুজনেই দুই দল থেকে মনোনীত প্রার্থী। একই ইউনিয়ন থেকে দুই দলের প্রার্থী মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন ইমেজ সৃষ্টি হয়েছে।
একই ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দুই প্রার্থী স্ব স্ব দলীয় মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী ও সাধারণ ভোটাদের মধ্যে চলছে আলোচনার ঝড়।
এ আসন থেকে কে হবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী এমপি তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা। আলহাজ্ব ডা. দীপু মনি দলীয় প্রতীক নৌকা ও আবু জাফর মোঃ মাঈনুদ্দিন দলীয় প্রতীক মোমবাতি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে লড়ছেন। এ আসনে দুজনেই দিনরাত প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় কাটিয়েছেন। এছাড়াও চাঁদপুর-৩ আসনে আরো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
তারা দুজনেই একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম থেকে আওয়ামী লীগ ও ইসলামী ফ্রন্ট এর দুই প্রার্থী মনোনয়ন পাওয়ার অনুভূতি প্রকাশ করেন ঐ ইউনিয়নের কয়েকজন ভোটার। তারা বলেন, দুজনই আমাদের ইউনিয়নের বেশ পরিচিত ব্যক্তি। একজন হলেন রাড়িরচর পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষাবীর এম এ ওয়াদুদের কন্যা আলহাজ্ব ডা. দীপু মনি। যিনি বিগত ১৫ বছর যাবত এই চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় সংসদ সদস্য হিসেবে আছেন। অন্যজন হলেন রামপুর গ্রামের খান বাড়ির (মিনার বাড়ি) বাসিন্দা মৃত আলহাজ্ব লুৎফুর রহমানের ছেলে ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। তিনিও দীর্ঘদিন যাবত রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীর বাড়ি একই ইউনিয়নে। তাঁরা দুজনই উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
ওই দুই প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং আরেকজন হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি (স্বতন্ত্র প্রার্থী) ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
তাঁরা দুজনই বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকলেও একে অপরের মুখোমুখি হয়েছেন এই প্রথম। রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের বাসিন্দা (বিএনএম) প্রার্থী মোহাম্মদ শাহজাহান। একই ইউনিয়নের পাশের কাওনিয়া গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য হন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মাদ শফিকুর রহমান।

মাসুদ হোসেন