প্রকাশের সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মোবাইল চুরি করে ‘ভুয়া এসপি’ জেলহাজতে!

সাইফুল ইসলাম সিফাত

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে মো. রাছেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশ সুপার (এসপি) আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। সে চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারির ছেলে।

জানা গেছে, রাছেল পাটোয়ারী নিজেকে মুঠোফোনে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশের এসপি পরিচয় দিয়ে চুরিসহ মানুষের সাথে প্রতারণা করে মোবাইল ও নগদ টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডস্থ হৃদয়ের সেলুনে দাড়ি-গোঁফ কাটতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেয়।

ওই সময় সেলুন কর্মীদের কাজের ব্যস্ততায় কৌশলে তাদের দু’টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এরপর ওই মোবাইল হাজীগঞ্জ বাজারস্থ মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

ওই ঘটনার পর থেকে রাছেল পাটোয়ারিকে ধরার জন্য খোঁজ-খবর নিতে থাকে সেলুন মালিক হৃদয়।

ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, বৃহস্পতিবার চুরির ওই ঘটনার পর রাছেল পাটোয়ারিকে সিসি ফুটেজ দেখে সনাক্ত করে ধরার চেষ্টা করেন। পুনরায় সে হাজীগঞ্জ বাজারের থানা রোডস্থ এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ বলেন, প্রতারক রাছেল পাটোয়ারি পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে প্রতারনা করে আসছে। তার বিরুদ্ধে পুলিশের ভুয়া এসপি পরিচয়ে কয়েকটি মামলা রয়েছে। এবিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

তিনি জানান, শনিবার আটককৃত ভুয়া এসপি রাছেল পাটোয়ারিকে আদালতে প্রেরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন