উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ভোট গণনা শেষে বিকাল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৩ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী অংশ নেয়।
এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী বিজয়ী ও ১ জন মহিলা বিনা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে সাইফুল ইসলাম ৩৭৪ ভোট পেয়ে প্রথম, রাধা কান্ত রাজু ৩৭১ ভোট পেয়ে দ্বিতীয়, আবু সুফিয়ান মুন্সী ২৪১ ভোট পেয়ে তৃতীয় ও শাহজালাল ১৪৬ ভোট পেয়ে চতুর্থ এবং সংরক্ষিত নারী সদস্য হিসেবে রেখা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫৪ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নয়ন চন্দ্র দাস সহ সাব ইন্সপেক্টর আব্দুর রউফ এর নেতৃত্বে পুলিশের একটি দল।
প্রি/চাঁ-মাসুদ/২০২৪

মেহেদী হাসান রিমেল