কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ফতেহপুর ওল্ড স্কিম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিষ্টার মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত চিঠিতে মোঃ আলমগীর হোসেনকে উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, দ্বিতীয় বারের মতো ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দসহ এলাকাবাসীর নিকট তিনি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।
এছাড়াও আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক গরুত্ব দিয়েছে। গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
আর যারা আমাকে সমর্থন দিয়ে দ্বিতীয় বারের মতো এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের সহায়তা কামনা করছি।

নিজস্ব প্রতিনিধি