প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ । ৬:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেঘনায় অভিযানকারীদের উপর জেলেদের হামলা

মনিরুল ইসলাম মনির

মেঘনায় মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলা টাস্ক ফোর্সের অভিযান প্রস্তুতকালে জেলেরা এসে অতর্কিত হামলা চালায়। হামলায় নৌ পুলিশ, মৎস্য কর্মকর্তা’সহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে । গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ অক্টোবর)রাতে অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৮৫ জনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী আতিকুর রহমান।

আহত ব্যক্তিরা হলো- উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী আতিকুর রহমান ও মোশারফ হোসেন, স্পিডবোটের চালক রনি মিয়া, নৌকার মাঝি আলী আকবর, নৌকার স্টাফ আ. ছাত্তার ও কাউছার, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ইমরান হোসেন, রাসেল মিয়া, কামাল হোসেন ও জসিম উদ্দিন। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে  রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় মা ইলিশ রক্ষার অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল উপজেলা টাস্ক ফোর্স । এ সময় স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত নৌকায় ছিলেন মৎস্য কার্যালয়ের কয়েকজন ক্ষেত্র সহকারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য। হঠাৎ প্রায় শতাধিক জেলেসহ একটি বড় ট্রলার সেখানে আসে। তারা বাঁশ, ইট ও চাপাতি নিয়ে অতর্কিতভাবে অভিযানকারী দলের ওপর হামলা চালান। এতে মোট ১৫ জন আহত হয় বলে জানা যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মেঘনায় মা ইলিশ রক্ষায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা।  অসাধু কিছু জেলে নিষেধাজ্ঞা ভেঙে মেঘনায় মাছ ধরছে বা ধরার চেষ্টা করছে।স্বাভাবিক কারণেই আমাদেরকে অভিযানে নামতেই হয়। অভিধান প্রস্তুতকালে জেলেরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।  সরকারের নির্দেশনা পালনে ও মা ইলিশ রক্ষায় আমাদের আরো জোরালো অভিযান চালাতে হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানায়, সরকারি কাজে বাঁধা প্রদান ও মারধরের অভিযোগে মৎস্য বিভাগ মামলা করেছে। মোহনপুর নৌ পুলিশ এই মামলার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, আমরা মামলাটি তদন্ত করছি এবং দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন