প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ । ১০:৪২ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই’র পরিচালক হলেন শাহরাস্তির মিনহাজ মান্নান ইমন

রাফিউ হাসান হামজা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদ শূন্য ছিল। এ পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

আগামী ১০ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্য পদে নির্বাচন করার জন্য ডিএসই’র পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন- ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য গত ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে গত ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

ওই সময়ের মধ্যে শুধু বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন।

ফলে নির্বাচন কমিশন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমনকে বিজয়ী ঘোষণা করে।

মিনহাজ মান্নান ইমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর মজুমদার বাড়ির আব্দুল মান্নান এম কম এর সুযোগ্য সন্তান। পেশায় ব্যবসায়ী মিনহাজ মান্নান ইমন দীর্ঘদিন ঢাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন।

 

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন