চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শাহাজাহান মিজি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি গত ২৫ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় স্ট্রোক জনিত কারনে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর ইউনিয়নের উত্তর পাইকদি বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁ ময়দানে জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, ৭ভাই ও ১বোনসহ বহু গুনগ্রাহী রেখে যান।
এর আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মরহুমের ভাই কামাল মিজি, মরহুমের ছেলে শামীম মিজি। এছাড়াও মরহুমের জানাজায় অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বাকের খন্দকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য নাহিদ খান, উক্ত ইউনিয়নের রাজনীতিবিদ মাহফুজ খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান খান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী সহ সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লীগণ।
এদিকে উক্ত ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি বড় ভাই শাহাজাহান মিজির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি।
জানা যায়, মরহুম শাহাজাহান মিজি কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করতেন। চাকুরী থেকে অবসর গ্রহনের পর নিজ এলাকায় সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন সমাজসেবক হিসেবে তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করে ২বার বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন। এর পর তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. মাসুদ হোসেন