মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী ছেংগারচর পৌর শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী পরিচালক কুমিল্লা অঞ্চল কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমরা হিংসার রাজনীতি ও বিভক্তির রাজনীতির কবর দিতে চাই। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। সব ক্ষেত্রে আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের উপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কিন্ত জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।
জামায়াতে ইসলামীর মতলব উত্তর উপজেলার আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসান নাজিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও আমির চাঁদপুর জেলা জামায়াত মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন।
আরো বক্তব্য রাখেন, ইঞ্জি. আ. হাই সিকদার, জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলার আমির আ. রশীদ পাটওয়ারী, মুফতি মাওলানা হোসাইন আহম্মদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মু. মাহবুব সরকার।
এ সময় জামায়াত ইসলামীর বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম মনির