কচুয়ায় রাতের আঁধারে মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার উত্তর ইউনিয়নে নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৎস্য চাষী মানিক মিয়া বাদী হয়ে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মান্নান মিয়া, রুবেল, শামীম হোসেন ও আব্দুল জলিলকে আসামী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মানিক মিয়া ও রাসেল হোসেন নামের দুই মামাতো ও ফুফাতে ভাই ওই প্রজেক্টে মাছের চাষ করে।
শত্রুতার জেরধরে মঙ্গলবার রাতে মাছের প্রজেক্টে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী দুই ভাই।
ভূক্তভোগী মানিক মিয়া ও রাসেল হোসেন বলেন, আমরা দুই ভাই মিলে প্রায় ৩০ শতক পুকুরে মাছ চাষ করে জীবিকা-নির্বাহ করে আসছি। গত বছর ব্যাংক ও এনজিও থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করি। বিষ প্রয়োগে মাছ নিধন করায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, নোয়াদ্দা গ্রামে মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া