মতলব উত্তরের ষাটনল তারাবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ষাটনলে মাদরাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আলহাজ¦ মোহাম্মদ জালাল উদ্দীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা এই দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। আমাদের সন্তানদের শিক্ষার অধিকার, কাজের অধিকার এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরশাসক যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই পারে দেশের সঠিক পথ নির্দেশনা দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে।
তিনি বলেন, আপনারা জানেন, স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিল। দেশের প্রিয় ইসলামী বক্তাদের দেশত্যাগে বাধ্য করা হয়। এমনকি কোরবানির পশুর চামড়া নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল, যার ফলে বহু মাদ্রাসা অর্থের অভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত করতে পারেনি। বিগত ১৬ বছরে আওয়ামী সরকার শুধু দেশের অর্থ লুটপাট করেছে। তাদের নেতা-কর্মীরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ সাধারণ মানুষ একবেলা খাবারের জন্য সংগ্রাম করেছে।
তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। দেশের উন্নয়নে আমাদের তরুণদের শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
এসময় তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন।
এসময় ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক’সহ আরো অনেকে।

মনিরুল ইসলাম মনির