শাহরাস্তিতে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটার দায়ে অভিযুক্তকে কারাদণ্ড দিয়ে ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার শাহরাস্তি প্রশাসন উপজেলার টামটা উত্তর ইউপির পরানপুর ফসলি জমিনের মাঠে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে এ দন্ড প্রদান করা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অভিযান পরিচালনা করেন।
ওইসময় টামটা উত্তর ইউপির পরানপুর গ্রামের ফসলি জমির মাঠে অভিযুক্ত ভেকুর মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিল।
পরে প্রশাসন অভিযুক্ত জনৈক কামালকে কৃষিজমি ধ্বংস করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কারাদণ্ড প্রদান করে।
এসময় কৃষি জমি ধ্বংস করার কাজে ব্যবহৃত ভেকু মেশিন জব্দ করা হয়।
এ অভিযানে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা প্রশাসনের তরফে জানানো হয়, এই শাস্তি শুধু একজনের জন্য নয় বরং সকল মাটিখেকোদের জন্য একটি সতর্কবার্তা। কৃষিজমির মাটি (টপ সয়েল) বিক্রয় ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।
এ ছাড়া কেউ যদি অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে তা বিক্রি এবং কেউ পরিবহন করলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। ফসলি জমি আমাদের দেশের অমূল্য সম্পদ। এই জমির টপসয়েল কেটে ধ্বংস করা শুধু কৃষকের ক্ষতি নয়, বরং পুরো সমাজ ও পরিবেশের উপর অপরিসীম প্রভাব ফেলে।
উপজেলা প্রশাসন হতে এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
আসুন, আমাদের মূল্যবান উর্বর ফসলি জমি রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করি।”

মোঃ মাসুদ রানা