শাহরাস্তিতে কতিপয় মাটি খেকু ফসলি জমিনের টপসয়েল বেকু দিয়ে কেটে লুন্ঠনে মেতে উঠেছে।
সম্প্রতি উপজেলার চিতোষী পূর্ব ইউপির ৬ নং ওয়ার্ডের বেততলা মৌজার ফসলি মাঠের জমিনের টপসয়েল কাটার এ ঘটনা ঘটেছে। r
ক্ষতিগ্রস্ত কৃষক এলাকাবাসী জানান, ওই মৌজার ১৫৪ বেততলা, দাগ নং ১৩২, ১৩৩, ১৩৪ এলাকার ৩ ফসিল কৃষি জমির মাঠের প্রায় ১শ’ শতক জমিনের পর্যায়ক্রমে টপসয়েল কেটে মাটি লুন্ঠনের ঘটনা ঘটছে।
ভুক্তভোগীরা তাদের ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করলে, পুলিশ গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।
এ ছাড়া এ বিষয়ে উপজেলা সহকারি ভূমির কার্যালয় থেকে অভিযুক্তদের মাটিকাটা ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওই গ্রামের নজির মিয়ার পুত্র মোহন, মোবারক হোসেনের পুত্র তবারক হোসেন, আক্কাছ মিয়ার পুত্র চৌধুরী এবং রুহুল আমিন এর পুত্র শিপন এবং চান্দল গ্রামের এলুমিয়ার পুত্র মোহন মিজি এ টপসয়েল মাটি ক্রয় করছেন বলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেন।
ওই কাজে মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের বেকু মালিক ফিরোজ মিয়া এবং বেতলা গ্রামের ফসলি জমিনের টপসয়েল মাটি বিক্রেতা হিরন মিয়া সহযোগিতা করছে।
বর্তমানে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মমতাজ উদ্দিন, আবদুল বারী, দেলোয়ার হোসেনসহ অসংখ্য কৃষক গণমাধ্যমকে জানান, ওই মাটি খেকু চক্র দিনের বেলায় মাটিকাটা বন্ধ করে।
সমগ্র রাত ব্যাপী হাইড্রোলিক ড্রাম ট্রাক লাগিয়ে বেকু দিয়ে এ মাটি লুণ্ঠন করছে। এতে ওই মাঠের প্রায় ফসলি জমিন চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন বিষয়টি (মাটিকাটা) এখনই বন্ধ করা না হলে আসন্ন বোরোধান মৌসুমে এ ফসলি মাঠটি চাষাবাদ শূন্য হয়ে পড়বে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি