চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে আমেরিকা ফেরত এক যুবক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মধ্য রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রোবাস ও একটি হায়েজ গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও এলাকার উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে গতিরোধ করেন ডাকাত দল।
এসময় মুখোশধারী অজ্ঞাত চার ব্যক্তি খোলা পিক-আপের নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকেসহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে।

ডাকাতরা গাড়িতে থাকা প্রবাসী মিলনের বিদেশি মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।
এদিকে, ঘটনাটিকে ডাকাতি বলতে নারাজ পুলিশ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ডাকাতি নয়- সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরইমধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে এই বিষয় থানায় লিখিতভাবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
তবে ভুক্তভোগী আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম মিলনের দাবী ডাকাত সদস্যরা সংখ্যায় ৫/৬ জন ছিলো এবং তারা ১৮-২২ বছর বয়সী।
অন্যদিকে, বুধবার বিকেলে ডাকাতি না ছিনতাই-তা নিশ্চিত হতে পিবিআই চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিনিধি