প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুর ডেস্ক

রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার এবং জঙ্গিবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ নেশার মারণ ছোবল থেকে তরুণসমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপথগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের ইভ টিজিংসহ মাদকসেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’-এর সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।

যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দ’ গ্রুপের ২০ থেকে ২৫ সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’-এর ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাব-৪-এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন