কাস্টমারের মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৬) নামের এক চা দোকানি মারা গেছেন।
বুধবার (৫ মার্চ) কুমিল্লার লালমাই পেরুল গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ দুর্ঘটনায় ঘটে।
জহির পেরুল দক্ষিণ ইউনিয়নের পুর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারের চা বিক্রেতা।
নিহতের পরিবার ও ফয়েজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী জহিরের দোকানে চা খেতে আসেন। ওই সময় মোটরসাইকেল আরোহীকে চা খেতে দিয়ে শখের বশে মোটরসাইকেল চালিয়ে হরিশ্চর বাজারের দিকে রওনা করেন জহির। চৌকিদার বাড়ি সংলগ্ন ইউটার্নে পৌঁছলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার সূত্রে জেনেছি, নিহত ব্যক্তি মানুষিকভাবে অসুস্থ ছিলেন।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিজস্ব প্রতিনিধি