ছেলে ও পুত্রবধূর সঙ্গে ঝগড়া-বিবাদ করে বিষপান করে হাজীগঞ্জে পারভীন বেগম (৪০) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী।
জানা গেছে, এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ রিয়ার সাথে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলছিলো। এক পর্যায়ে ছেলে ও পুত্রবধূর উপর অভিমান করে তিনি কিটনাশক পান করেন। এসময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পারভীন বেগম নামের ওই নারী মারা গেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি