প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ও খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বশির প্রধানীয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত বশির প্রধানীয়া ওই গ্রামের মৃত বাদশা প্রধানীয়ার ছেলে। বশির এলাকায় কৃষিকাজ করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রতিপক্ষ ও অভিযুক্ত রমিজ উদ্দিন বয়াতীর বাড়িও একই গ্রামে। বশির ও রমিজ প্রতিবেশী।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বহরী গ্রামের কৃষক বশির প্রধানীয়া ও রমিজ উদ্দিন বয়াতীর মধ্যে বাড়ির পাশে একটি সরকারি খালপাড় দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতিপূর্বে ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ওই খালের পাড়ে এ নিয়ে বশির ও রমিজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বুধবার দুপুর ১২টার দিকে ওই সরকারি খালে মাছ ধরতে যান বশির প্রধানীয়া ও তাঁর দুই ছেলে। এতে বাধা দেন রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা বশির প্রধানীয়া ও তাঁর ছেলে বিল্লাল হোসেন ও মো. জয়নালকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এসময় মাটিতে লুটিয়ে পড়েন বশির প্রধানীয়া। পরে সেখান থেকে বশিরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিল্লাল হোসেন ও মো. জয়নালও আহত হয়। তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বশির প্রধানীয়ার মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, খালপাড় দখল ও সেখানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে তাঁর বাবা ও ভাইদের বেধড়ক পিটিয়েছেন রমিজ উদ্দিন ও তাঁর লোকজন। লাঠির আঘাতে তাঁর বাবা মারা যান। এটি একটি পরিকল্পিত ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগের ব্যাপারে রমিজ উদ্দিন বয়াতীর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই কৃষকের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সরকারি খালের পাড় ও মাছ ধরার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন