চাঁদপুরের দেবপুর নামক স্থানে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক হাফেজ নিহত ও ৫ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ এনাম হোসেন (২১) হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা মুন্সী বাড়ির খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, চাঁদপুর ও হাজীগঞ্জগামী দুটি সিএনজি দেবপুরে এক শিশু দৌড়ে রাস্তা পার হতে গেলে বাঁচাতে গিয়ে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। সিএনজি অটোরিকশাগুলোর দুই চালক ও শিশুসহ আহত ৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
নিহত এনাম হোসেনের বাবা বলেন, এনাম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর হেফজ বিভাগে পড়াশোনা করতো। গাজীপুরে বোনের বাসা থেকে ফেরার পেেথ এমন মৃত্যু হয়েছে। চার মেয়ে ও তিন ছেলের মধ্যে নিহত এনাম হোসেন সবার ছোট।

মেহেদি হাসান রিমেল