প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

একজন প্রতিভাবান মানুষ কাদের পলাশ

কবির হোসেন মিজি
চাঁদপুরের সাংবাদিকতা ও সাহিত্য জগতে এ প্রজন্মের অন্যতম নাম কাদের পলাশ। একজন উদ্যোমী, কর্মঠ ও মেধাবী মানুষ তিনি। চাঁদপুরে তরুণ সাংবাদিকদের আইকনিক নাম বহুমূখী প্রতিভার অধিকারী কাদের পলাশ। কিশোর বয়স থেকেই লেখালেখির হাতেখড়ি। যিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, লোক সংস্কৃতি গবেষক, গীতিকার, সৌখিন গায়ক, সম্পাদক, সংগঠক এবং মাঠ পর্যায়ের তুখোড় সংবাদকর্মী। তার হাত ধরে সৃষ্টি হয়েছে ডজন খানেক উদীয়মান তরুণ সাংবাদিক। যারা স্বস্ব অবস্থান থেকে সাংবাদিকতা জগতে আলো ছড়াচ্ছেন। কাদের পলাশের সাহিত্য কর্ম প্রথম প্রকাশ হয় স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠে। ২০০৭ সালে জাতীয় দৈনিক জনকণ্ঠেও লেখা প্রকাশ হয়।
২০০৭ সালে সাংবাদিকতায় পথ চলা শুরু হলেও ২০০৯ সালে ‘দৈনিক চাঁদপুর’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে মাঠপর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। ২০১০ সাল থেকে রেডিও টুডে এফএম ৮৯.৬ কাজ করেন। ২০১১ সালে কিছুদিন ‘দৈনিক চাঁদপুরজমিন’ পত্রিকায় বার্তা সম্পাদক, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ১ জুলাই পর্যন্ত দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় সহকারী বার্তা সম্পাদক, ২০১২ সালের মাঝমাঝি থেকে প্রায় একবছর দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন কাদের পলাশ।
২০১৩ সালের ৩১ জুন থেকে প্রায় দুই বছর দৈনিক আমাদের অর্থনীতি, ২৮ মার্চ ২০১৩ সাল থেকে প্রায় তিন বছর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলানিউজ২৪.কম, ২০১৪ সাল থেকে দৈনিক ভোরের ডাক, ২০১৫ সাল থেকে নীলসাগর গ্রুপের পরিবর্তন ডট কম, ২০১৮ সাল পর্যন্ত, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইংরেজি দৈনিক দি নিউ নেশন এর চাঁদপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন। যদিও এরমাঝে ২০১৬ সাল থেকে দৈনিক ভোরের ডাক এর স্টাফ রির্পোটার, ২০১৮ সাল থেকে দৈনিক খোলা কাগজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন কাদের পলাশ।
২০১২ সালের জুন মাস থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত একাত্তর টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হিসেবে অদ্যবদি কাজ করছেন। ২০১৯ সাল থেকে স্থানীয় দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক শপথ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল সিআরআর নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন কাদের পলাশ। ২০১৩ সালে চাঁদনিউজ২৪ নামে একটি অনলাইন নিউজেরও সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সাংগঠনিক ভাবেও তিনি অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত। চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাথে ২০১৪ সাল থেকে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২সাল থেকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও ২০২৫ সালের জানুয়ারি থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৪ সাল থেকে চাঁদপুর ন্যাশনাল মিডিয়া রিপোটার্স ইউনিটি (বর্তমানে কার্যক্রম বন্ধ)’র সভাপতি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফটোর্জানালিস্ট এশোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাথে ২০১০ সাল থেকে সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন। দৈনিক প্রথম আলো ‘বন্ধুসভা’র গুরুত্বপূর্ণ পদে দুইবার দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চায় সরব রয়েছেন সবসময়। সাংবাদিকতায় তার নাম কাদের পলাশ হিসেবে পরিচিতি লাভ করলেও লেখালেখির শুরুতে নাম ব্যবহার করা হতো ‘এম এ কে পলাশ’। সেই নামেই দীর্ঘদিন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা লেখা প্রকাশ হয়। তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশ হয়েছে ৯টি। নিজেকে কণ্ঠশিল্পী হিসেবে দাবি না করলেও তার নিজের লেখা এবং সুরেও বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সেগুলো ইউটিউব এবং ফেসবুকে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর লিটলম্যাগ ফোরাম এর সাধারণ সম্পাদক (বর্তমানে কার্যক্রম বন্ধ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ ও ২০২৪ সালের গঠিত সাহিত্য একাডেমি চাঁদপুর এর এডহক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মহাপরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শুধু এখানেই থেমে থাকেন নি কাদের পলাশ। সাংবাদিকতার পাশাপাশি চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত  একটি উচ্চ বিদ্যালয়ে ৩বছর শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কাদের পলাশ চাঁদপুর শহরে স্থায়ী বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি কচুয়ার উপজেলার ৯নম্বর কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া গ্রামে। কাদের পলাশ তার মেধা, প্রজ্ঞা, একাগ্রতা, নিষ্ঠা, বিশ^স্ততা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন সফল উদ্যোক্ত হিসেবে দাবি করতে পারেন নিজেকে। কারণ চাঁদপুর জেলা সদরে একমাত্র বিনোদন কেন্দ্র ‘চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাদের পলাশ।
তরুণদের চোখে কাদের পলাশ কেবল একজন সাংবাদিক নন, তিনি এক অনুপ্রেরণা, অধম্য পথচলা, দূর্বার আশার আলো। তার হাত ধরেই চাঁদপুরের সংবাদ অঙ্গনে এসেছে নতুন প্রজন্মের মাঝে উচ্ছ্বাস। সাংবাদিকতা, সাহিত্য ও সামাজিক সচেতনতার এক অনন্য প্রতীক সাংবাদিক কাদের পলাশ।
লেখক পরিচিতি : সংবাদকর্মী, গীতিকার ও লেখক। 

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন