সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার অন্তত ৪০টি গ্রামে শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
তিনি জানান, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদ্যাপন করেন তারা। ঈদ উপলক্ষে কোরবানির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
সকালে ঈদের প্রথম জামাত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে, ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়া স্থানীয় বিভিন্ন মাঠে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের যেসব গ্রামে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।
প্রসঙ্গত, জানা যায়, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

নিজস্ব প্রতিনিধি