প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ । ১০:১৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদের নামাজ নিয়ে বিরোধ, বোমা হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ ঘিরে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এবং জিয়া (৩২) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ হামলা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে নামাজ পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জামসেদ আলীর ছেলে আবু সাইদ আওয়ামী লীগ সমর্থকদের নামাজে অংশ নিতে বাধা দেন। এ নিয়ে আব্দুল হাইসহ বিএনপির কয়েকজন প্রতিবাদ করলে আবু সাইদ সঙ্গীদের নিয়ে সরে যান।

রাতে জামতলা এলাকায় অবস্থান করা অবস্থায় আব্দুল হাইয়ের ওপর বোমা ছুঁড়ে হামলা চালায় আবু সাইদ। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত জিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, আবু সাইদ বিএনপির কেউ নন; তিনি সন্ত্রাসী ও মাদকাসক্ত। তার বাবা বিএনপির সঙ্গে কখনও যুক্ত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন