প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ । ১২:০৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মায়ের জন্য আনা ইনজেকশন ভুল করে নবজাতককে পুশ

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য আনা বিশেষজ্ঞ নির্দেশিত এনটিডি ইনজেকশন ভুল করে এক নবজাতকের শরীরে প্রয়োগের অভিযোগ উঠেছে নার্স স্বপ্না আক্তারের বিরুদ্ধে। এ ঘটনার পর হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৮ জুন) বিকেল ৪টার দিকে মর্ডান জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। দুপুরে ভর্তি হওয়া তন্নী আক্তার (২০) এক ঘণ্টার মধ্যেই সিজারিয়ানের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। অপারেশন করেন ডা. শাহিন সুলতানা মিরা, এনেস্থিসিয়া দেন ডা. আশরাফুল।

সিজারের পর চিকিৎসক মায়ের রক্তের গ্রুপ অনুযায়ী এনটিডি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। স্বামী রুবেল মিয়া ইনজেকশন কিনে নার্সের হাতে দেন। কিন্তু কিছু সময় পর এসে দেখেন, ইনজেকশনটি ভুল করে নবজাতককে পুশ করা হয়েছে।

এরপর থেকেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা খারাপ হলে শিশুটিকে কিশোরগঞ্জ জেলা সদরের একটি ক্লিনিকে পাঠানো হয়। ঘটনার পরপরই স্বজনরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশ এসে ভেতরে পরিস্থিতি শান্ত করলেও বাইরে বিক্ষোভ অব্যাহত থাকে।

হাসপাতালের পরিচালক ডা. শাহিন সুলতানা মিরা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নার্সের ভুল হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে নবজাতকটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, “এটি একটি গুরুতর ত্রুটি। চিকিৎসকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এই ধরনের ঘটনার পর নবজাতকের ঝুঁকি থেকেই যায়।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন