প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি

‘দলীয় চেইন অব কমান্ড ও নেতৃত্বকে অবজ্ঞা করে রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দলের ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান’

মতলব উত্তরে ঘটে যাওয়া বিএনপির দু গ্রুপের সংঘর্ষের বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু যৌথ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির রাজনীতিতে শুধুমাত্র মনোনয়ন প্রত্যাশী কতিপয় নেতা অন্তঃকোন্দল ও আত্মপ্রচারের উদ্দেশ্যে ব্যক্তিগত পছন্দের লোকবল দিয়ে দল ও দলীয় কাঠামো এবং নেতৃত্বকে উপেক্ষা করে, সাংগঠনিক কোনোরকম নিয়ম-নীতি না মেনে নিজেদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে দলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিটা ইউনিটে দলীয় কমিটি আছে। কিন্তু দলীয় কমিটিকে না জানিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার কারণে সাংঘর্ষিক রূপ নিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মী ও সমর্থকগণ অকারণে বিভক্ত হচ্ছে। পক্ষান্তরে ফ্যাসিবাদের দোসরদেরকে সুযোগ করে দিচ্ছে তাদের অবস্থান সংহত করতে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা দলকে ভালোবাসি, আমরা দলের মধ্যে বিভাজন নয়, ঐক্য চাই। একমাত্র ঐক্যবদ্ধ দলই পারে সকল সমস্যার সমাধান করতে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়’। আমাদের দিলের ভেতর এই কথাটা প্রতিষ্ঠা করা দরকার। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক মতলব উত্তরে সাংগঠনিক রাজনীতি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা কোনোরকম দ্বন্দ্ব-ফ্যাসাদ দেখতে চাই না। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেটা রাজনৈতিক শিষ্টাচারের ভেতর থেকে, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়মকানুন মেনে। আমরা যারা গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত দল করার চেষ্টা করছি তাদের প্রতি উদাত্ত আহ্বান, সংগঠনবিরোধী এ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, দলকে ভালবাসুন, ব্যক্তিকে ভালবাসার চেয়ে দলকে বেশি ভালোবাসুন, দলের প্রতি আনুগত্য প্রকাশ করে সাংগঠনিক নিয়মকানুন মেনে সংগঠনকে শক্তিশালী করুন। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই, কীভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা যায়। ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। কিন্তু সবার ঊর্ধ্বে দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্যে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো–এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্যে আমরা সতর্ক থাকবো, যেনো ফ্যাসিবাদের দোসর এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী ও দুষ্কৃতকারীরা আমাদের দলে অনুপ্রবেশ করে অন্তঃকোন্দল সৃষ্টির মাধ্যমে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টায় যেনো সফল না হয়।

আপনাদের সকলকে আমাদের সাথে দলীয় সাংগঠনিক রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। বিবাদমান পক্ষগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা, ঐক্য ও দলের প্রতি আনুগত্য আশা করছি। আসুন দলকে ভালোবাসি, জনগণের সঙ্গে থাকি, জনগণকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মীকে ভালোবাসি, দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকি, প্রত্যেকটা ইউনিটের নেতৃত্বকে মেনে নিয়ে সাংগঠনিক রাজনীতি প্রতিষ্ঠা করি, ঐক্যবদ্ধ থাকি, নির্বাচনের সময়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। আমাদের সামনের পথ চলার রাহবার হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ সময়ে এসে আমাদের কাছে প্রত্যাশা করছেন ঐক্যবদ্ধ বিএনপি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনের আশা পূরণ করার শপথ গ্রহণ করি। ৩১ দফাকে জনগণের মাঝে প্রচার করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন