পবিত্র ঈদুল আজহার পরবর্তী সময়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন ঈদ শুভেচ্ছা বিনিময় ও পথসভায় বলেছেন, “হাইমচর উপজেলার মেঘনার পশ্চিম পাড়ের চরাঞ্চলের মানুষ আজও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা বিরাজ করছে।”
তিনি বলেন, “জনগণ যদি ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনে, তবে ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে চরাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা শহরের মত সমানভাবে নিশ্চিত করা হবে।”
৮ জুন তিনি চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া ৯ জুন হাইমচরের ১ নম্বর গাজীপুর ইউনিয়ন ও ৪ নম্বর নীলকমল ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন।

শেখ জয়নাল আবেদীন একাধারে একজন মানবতাবাদী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। করোনাকালীন সময়ে তার নেতৃত্বে শত শত মৃতদেহের দাফন-কাফন, জানাজা এবং কয়েক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল। তিনি মুসলিম ছাড়াও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেবা করতে পিছপা হননি।
তিনি আরও বলেন, “আজ অনেক নেতার বড় বড় বক্তব্য শোনা যায়, কিন্তু জাতীয় সংকটে তাদের খুঁজে পাওয়া যায় না। জনগণ সেই নেতাকেই চায়, যিনি বিপদে পাশে থাকেন।”
ঈদ শুভেচ্ছা বিনিময় ও পথসভাগুলিতে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেখ জয়নাল আবেদীন বলেন, “গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ না থাকলে জনগণের রায় প্রতিষ্ঠা পায় না। আশা করি, আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ সরকার নিশ্চিত করবে।”

অনলাইন ডেস্ক