প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ১১:০৪ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ (১৩ জুন) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের সময় সকাল ৯টায় এবং বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। দুই ঘণ্টা স্থায়ী এ আলোচনায় দেশের রাজনৈতিক সংকট ও নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট ফরমেট নির্ধারিত না থাকলেও দুই নেতার মধ্যে সমসাময়িক রাজনীতি, নির্বাচন, সংস্কার ও জুলাই চার্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, “ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আছে। আলোচনার মাধ্যমেই চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান সম্ভব।”

অন্যদিকে, ড. ইউনূস শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিচারাধীন। আমি আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। আদালতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে টিউলিপ বলেন, “মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। ড. ইউনূস এই প্রচারণার কেন্দ্রে অবস্থান করছেন। আমি আশা করি, তিনি সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন।”

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) দাবি করেছে, গত এক দশকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে পৌঁছেছে। এই অভিযোগের তদন্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের যুক্ত করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন