বাংলাদেশে কে রাজনীতি করবে আর কে করবে না-এটা কোনো ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “যিনি এক সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন, তিনিই কথায় কথায় আমাদের নিষিদ্ধ করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকেই।”
বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিবির সভাপতি ছাত্রদলের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমি তাদের সভাপতি সাহেবকে সম্মান রেখেই বলছি-অতীত থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি কেউ সেই শিক্ষা না নেয় এবং ফ্যাসিবাদী ভঙ্গিতে কথা বলতে থাকে, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে, যেমনটা অতীতে হয়েছে।”
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল দেখা দিয়েছে কি না-এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “ঐক্য অটুট আছে। রাজনৈতিক মাঠে মতপার্থক্য, ভিন্ন বক্তব্য এসব থাকবেই। তবে সেটা ঐক্য ভেঙে পড়ার ইঙ্গিত নয়। শেখ হাসিনা যদি আজকে কিছু বলেন, দেখবেন সবাই আবার এক কাতারে এসে দাঁড়ায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশি জনতা এক ও অভিন্ন থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হাফেজ রেজওয়ানুল হক, কুমিল্লা মহানগরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান প্রমুখ।

অনলাইন ডেস্ক