প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কনের বাড়ি থেকে পালাল বরপক্ষ

অনলাইন ডেস্ক

ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে কনের বাড়িতে হামলা চালিয়েছে বরপক্ষ। এতে কনে পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ঘোলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বরপক্ষ খাল সাঁতরে ও নৌকায় পালিয়ে যায়।

আহতরা হলেন কনের বাবা, মা, বোন ও চাচা। বর্তমানে তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কনের ফুফু মমতাজ বেগম জানান, গত ঈদুল ফিতরে সালেহা বেগম ও মো. রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ যৌতুক দাবি করে। বৃহস্পতিবার কনেকে আনতে এসে তারা জানায়, যৌতুকের সম্পূর্ণ টাকা ও স্বর্ণ না দিলে কনেকে নিয়ে যাবে না।

তিনি বলেন, “আমরা আগে থেকেই জানতাম ৫০ জন আসবে, কিন্তু হঠাৎ ৬৫ জন চলে আসে। বাড়ির ছোটরা গেট সাজিয়েছিল, কিন্তু বরপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। কনের বাবা সময় চাইলে বরের বাবা বলেন, বিড়ির টাকাও বাকি থাকলে কনেকে দেওয়া যাবে না। তখনই বরের ভাই মো. হাসান গেট ও চেয়ার ভাঙচুর করেন। আরও ৮-১০ জন কনে পক্ষের লোকজনকে চেয়ার দিয়ে মারধর করেন। পরে তারা না খেয়ে খাল সাঁতরে ও নৌকায় পালিয়ে যায়।”

এ বিষয়ে বর মো. রুবেল বলেন, “আমি পেছনে ছিলাম, গেটে কী হয়েছে জানি না।”

ঘটনার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন