প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৮:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খাজুরিয়া বাজারের পাবলিক টয়লেটের করুণ চিত্র, জনস্বাস্থ্য উপেক্ষিত

সাইফুল ইসলাম সিফাত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার ফরিদগঞ্জ পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ও ব্যস্ততম একটি বাজার। এই বাজারটি কেবল গুপ্টি পশ্চিম ইউনিয়নের নয়, বরং আশেপাশের ইউনিয়ন ও পাশের জেলা লক্ষ্মীপুরেরও অসংখ্য মানুষের হাটবাজার ও যাতায়াতের প্রধান কেন্দ্র।

প্রতিদিন শত শত মানুষ এই বাজারে আসে ব্যবসা করতে, কেনাকাটা করতে, ব্যাংকিং করতে বা সিএনজি রুটে চলাচল করতে।

বিশেষ করে প্রতি সোমবার ও শুক্রবার সাপ্তাহিক হাট বসায় লোকসমাগম আরও কয়েকগুণ বেড়ে যায়। বাজারে রয়েছে প্রায় ৩০০টিরও বেশি দোকান, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ব্যাংক, এনজিও, ক্লিনিকসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।

এই বাজারের মাঝ দিয়েই চলে গেছে ফরিদগঞ্জ পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ফরিদগঞ্জ-ব্রহ্মপাড়া সড়ক। এখানেই অবস্থিত পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত সিএনজি স্ট্যান্ড, যেখান থেকে ফরিদগঞ্জ উপজেলা সদর, চাঁদপুর জেলা সদর, রামগঞ্জ কাটাখালি, হাজীগঞ্জ শহর এই রুটে প্রতিদিন শত শত সিএনজি চলাচল করে।

কিন্তু এতসব গুরুত্বপূর্ণ স্থাপনার মাঝে চরম অবহেলায় পড়ে আছে একটি মৌলিক প্রয়োজন পাবলিক টয়লেট!
বর্তমানে বাজারে থাকা দুইটি টয়লেটের অবস্থা এতটাই শোচনীয় যে, তা ব্যবহার করার মতো নয়। টয়লেটের ভেতরে নোংরা পরিবেশ, দরজার নিচ থেকে প্রায় এক ফুট ফাঁকা, উপরের অংশে ফাটল ও ছিদ্র। ভিতর থেকে দরজা আটকে রাখার ব্যবস্থাও নেই। আশেপাশে পড়ে থাকে ময়লার স্তূপ, যেন একেকটি ময়লার ভাগাড়!

এই অবস্থায় ব্যবসায়ী, যাত্রী, চালক, পথচারী সবারই ভোগান্তির শেষ নেই। অনেকেই বাধ্য হয়ে টয়লেটের প্রয়োজন মেটাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। আবার অনেক সময় সম্মানজনকভাবে সামাল দেওয়া যায় না এমন অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হয় বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বিষয়টি হয়ে ওঠে আরও কষ্টদায়ক।

সমাজকর্মী পারভেজ মোশারফ এই অবস্থার প্রতিবাদ ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করে নিচের ৪টি প্রস্তাবনা দেওয়া হয়েছে: ১. বাজারের দুইটি টয়লেটে নতুন দরজা স্থাপন করতে হবে। ২. টয়লেটের ভিতরের দেয়াল সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৩. টয়লেটের ভিতরে এবং আশপাশে বাতির ব্যবস্থা রাখতে হবে, যাতে রাতে ব্যবহার করা যায়। ৪. টয়লেটের দিকে যাওয়ার সরু রাস্তা ও টিউবওয়েলের পাশে সবসময় পরিষ্কার রাখতে হবে।

দীর্ঘদিন ধরে নেই বাজার কমিটির নির্বাচন : উল্লেখযোগ্য বিষয় হলো দীর্ঘ বছর ধরে খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির কোনো নির্বাচন হয়নি। ফলে বাজারের অন্যান্য অব্যবস্থাপনাও প্রকট হয়ে উঠেছে ড্রেনেজ ব্যবস্থা, রোড লাইট, টয়লেট, নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই দেখভালের অভাবে নাজুক অবস্থায় রয়েছে।

তবে স্থানীয় বিট পুলিশ অফিসারের সার্বিক তত্ত্বাবধানে রাতের নিরাপত্তার জন্য গার্ডের ব্যবস্থা সচল আছে, যা ইতিবাচক দিক।

এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার : খাজুরিয়া বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি আশেপাশের প্রায় ১০-১৫টি গ্রামের মানুষের জন্য একটি জীবনরেখা। সেখানে এই মৌলিক চাহিদার এমন বেহাল দশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাই স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, বাজার ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের প্রতি আহ্বান দ্রুত টয়লেট দুটি সংস্কার করুন।
কারণ পরিষ্কার ও নিরাপদ টয়লেট কেবল স্বাচ্ছন্দ্য নয়, এটি জনস্বাস্থ্যের অপরিহার্য বিষয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন