প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুরে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হতে যাচ্ছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে এই ইউনিট স্থাপনের কাজ চলছে জোরেশোরে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই সেবা চালু হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।

এই ডায়ালাইসিস ইউনিট চালু হলে চাঁদপুরের কিডনি রোগীদের জন্য এটি হবে একটি বড় স্বস্তির বিষয়। ঢাকায় কিংবা ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে আর যেতে হবে না। কম খরচে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া যাবে এখানেই। প্রতিটি বেডে দিনে দুই থেকে তিন বার পর্যন্ত ডায়ালাইসিস করানো সম্ভব হবে, যা সপ্তাহজুড়ে অনেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।

তবে, ডায়ালাইসিস ইউনিট গড়ে তোলায় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে জায়গার সংকট তৈরি হয়েছে। ওয়ার্ডের ভেতরের দুই পাশে সেন্টার নির্মাণ করায় সাধারণ রোগীদের জন্য শয্যার সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকেই বারান্দা ও করিডরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

করিডরে চিকিৎসা নেওয়া রোগী লোকমান হোসেন বলেন, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে এসেছি, কিন্তু কোনও সিট খালি নেই। বৃষ্টির মধ্যে বারান্দায় চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় চিকিৎসা নেওয়া সম্ভব না। ভাবছি বেসরকারি হাসপাতালে চলে যাব।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ডায়ালাইসিস সেন্টার চালু হলে রোগীরা বড় উপকার পাবে। মাত্র ৩০০ টাকা ফি নিয়ে ডায়ালাইসিস করানো হবে। তবে জায়গার সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ভবন না হলে ওয়ার্ডে শয্যা বাড়ানো যাবে না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন