প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ৯:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যা, বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলকর্মী জসিম উদ্দিন বেপারীকে হত্যা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহিন উদ্দিন জামিন নামঞ্জুর করেন।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

তাদের জামিন মেয়াদ শেষ হওয়ায় জজ আদালতে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা গাজী ও উপজেলা কৃষকদলের বহিষ্কৃত সদস্য সচিব শামীম গাজীসহ ১১ জন। তারা সবাই উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ এপ্রিল কৃষকদল নেতা শামীম গাজী ও বিএনপির নেতা মোস্তফা গাজীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় একইদিন বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান ও স্বেচ্ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল জসিম উদ্দিন ঢাকার একটি হাসপাতালে মারা যান। জসিম হত্যার ঘটনায় তার বাবা ফজল করিম বাদী হয়ে মোস্তফা গাজী ও শামীম গাজীসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

এছাড়া ৯ এপ্রিল নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

২২ এপ্রিল রাজধানীর একটি ভবন থেকে অভিযান চালিয়ে জসিম হত্যা মামলায় এজাহারভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তারা কারাগারেই আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন