প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দিঘি ভরছে ময়লায়, ফুরাচ্ছে প্রাণ- শাহরাস্তিতে নিঃশব্দ পরিবেশ হ ত্যা

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দিঘিটি এখন দূষিত পানির বিষাক্ত এক জলাশয়ে পরিণত হয়েছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দিঘির পানিতে ভেসে উঠছে শত শত মরা মাছ। দুর্গন্ধে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর বাজারের পাশে গরু বাজারের জন্য পৌরসভা কর্তৃক দিঘির ২০ শতাংশ জমি অধিগ্রহণ করে সেখানে ভরাট কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু জমি ভরাটের কাজে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বিভিন্ন স্থান থেকে। এসব বর্জ্যের বিষাক্ততা সরাসরি পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে।

দিঘি ইজারাদার ও মৎস্য চাষি অর্জুন চন্দ্র বর্মন জানান, ১৫ মাসের জন্য ইজারা নিয়ে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। কিন্তু হঠাৎ করে গত দু’দিনে দিঘির শত শত মাছ মারা যেতে শুরু করে। এতে করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মুনাফ বাচ্চু বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার স্তুপ ফেলে ভরাট কার্যক্রম চলায় আমাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। ময়লার গন্ধ সহ্য করা যাচ্ছে না, আর এখন মাছও মরছে।”

এ বিষয়ে শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ বলেন, “আমরা পৌরসভার নিজস্ব জমি ভরাট করছি। বিষয়টি অবগত হয়েছি, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের নামে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই দিঘি এক সময় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে এবং এর প্রভাব পড়বে জনস্বাস্থ্যেও।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন