প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৮:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সিএনজি চালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে এক চিহ্নিত মাদককারবারির ছুরিকাঘাতে মো. মোস্তফা (২৭) নামের এক সিএনজি অটোরিকশাচালকের মৃত্যুর প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মোস্তফার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। একাধিকবার তাঁরা মাদকসহ গ্রেপ্তারও হয়েছেন। অনেকের ধারণা, মোস্তফা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে সোহেল ও তাঁর লোকজন মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নেন। পরে তাঁকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. আলাউদ্দিন বলেন, ‘সোহেল গং আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে পিঠে ছুরিকাঘাত করে, যা কিডনিতে লাগে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার ভাই হত্যার বিচার চাই।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ইতিপূর্বে হত্যা মামলার ৩ আসামিকে আটককরে আদালতে প্রেরন করেছি এবং অপর এক আসামি এখনো পলাতক রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন