প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকার পর এবার চাঁদপুর সদর মডেল থানার একটি মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে তাকে জামিনের জন্য চাঁদপুর সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ইয়াসিন আরাফাত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকায় কারাবন্দী থাকার পর রোববার তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু বলেন, গত বছরের ৫ আগস্টের পর চাঁদপুরে দায়ের করা কোনো মামলায় নাছির উদ্দিন আহমেদ এজহারভুক্ত আসামি নন। তবে চাঁদপুর সদর মডেল থানায় গত বছর ২০ আগস্ট দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। এই মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় ২০ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। মামলায় ২২৪ জনকে এজহারভুক্ত এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিন আদালতে আসামির পক্ষে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া ও অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন